তথ্য সংশোধনের পর হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জন এবং হাম সন্দেহে আরও ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৪ জন এবং হাম সন্দেহে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে মৃত্যুর পরিসংখ্যান হালনাগাদ করা হয়েছে। এর ফলে আগের দিনের তুলনায় হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮১৯ জন।
তবে দিনাজপুর জেলার কিছু তথ্য সংশোধনের কারণে নিশ্চিত হাম রোগীর সংখ্যা সামান্য কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, গত প্রায় দুই মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৮৬২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে