তিন দিনে ৫ শিশুর মৃত্যু, রংপুরে বাড়ছে হামের প্রকোপ
রংপুর অঞ্চলে হামের প্রকোপ বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার শিশুর হাম নিশ্চিত হওয়ার পর তাদের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। একই হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শতাধিক শিশু ভর্তি রয়েছে এবং গত তিন দিনে পাঁচ শিশু মারা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান চার শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং আইসিইউ সাপোর্টসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বয়স্ক কেউ হামে আক্রান্ত হননি।
চিকিৎসকরা জানান, রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। প্রাথমিকভাবে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া মনে হলেও পরে শরীরে র্যাশ দেখা দিলে হাম নিশ্চিত হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. আশফাক জানান, হাম ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের শিশু ওয়ার্ড থেকে আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং ২৪ ঘণ্টা পরিচর্যা করা হচ্ছে।
আক্রান্ত শিশুদের স্বজনরা জানান, প্রথমে প্রচণ্ড জ্বর আসে, তারপর শ্বাসকষ্ট শুরু হয় এবং শরীরে র্যাশ বের হয়।
হাসপাতালের ৯ ও ১০ নম্বর শিশু ওয়ার্ডে শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে শতাধিক শিশু ভর্তি রয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। গত তিন দিনে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে হামে আক্রান্ত কেউ ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোগীর স্বজনরা জানান, হাসপাতালের আইসিইউতে মাত্র ১০টি বেড রয়েছে। হামে আক্রান্ত শিশুদের যেকোনো সময় আইসিইউ বা সিসিইউ সহায়তার প্রয়োজন হতে পারে। তাই আইসিইউ ও সিসিইউতে বেড সংখ্যা বাড়ানো জরুরি বলে তারা মনে করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে