Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকারের টিকা সরবরাহে ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

অন্তর্বর্তী সরকারের সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার কারণেই দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রফিকুল ইসলাম বলেন, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। বিষয়টি সংশ্লিষ্টদের জানা থাকলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এর ফলেই বর্তমানে সংক্রমণ বাড়ছে।

তিনি জানান, ২০২৪ সাল পর্যন্ত নির্দিষ্ট প্রক্রিয়ায় দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও কার্যক্রম ব্যাহত হয়েছে, যা সংক্রামক রোগ বিস্তারের ঝুঁকি বাড়িয়েছে। এ অবস্থায় তিনি সংশ্লিষ্টদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সংক্রমণের কারণ খতিয়ে দেখা জরুরি। এতে প্রাথমিক পর্যায়েই রোগ নিয়ন্ত্রণ সহজ হবে।

সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক—একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১৫ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, প্রায় ১,২০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে প্রায় ২,৯০০ রোগী চিকিৎসাধীন, যা স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে বর্তমানে ১২ জন শিশু ভর্তি রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করা গেলে আইসিইউর ওপর চাপ কমানো সম্ভব।

এদিকে, হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, সরকার এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তাদের প্রতিবেদন পাওয়া গেলে হামের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে তিনি হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচালক পি কে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ