Views Bangladesh Logo

ফরিদপুরে হামে আক্রান্ত পাঁচ হাজার ছাড়াল, প্রাণহানি ২১

ফরিদপুরে হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের হাম শনাক্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে দেখা যায়, জেলায় হামের সংক্রমণ এখনো অব্যাহত রয়েছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ফরিদপুর জেলার ১৪ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার চারজন রয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১৮ জন হাম রোগী ভর্তি হয়েছেন। আগের রোগীদের সঙ্গে তাদের যুক্ত করে বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালে অবশ্য গত এক দিনে নতুন কোনো হাম রোগী ভর্তি হয়নি। তবে আগের ভর্তি হওয়া ১৯ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে জেলায় মোট ৯৮ জন হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।

উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে আলফাডাঙ্গায়, ২৮ জন। এরপর বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। তিনি বলেন, আক্রান্তদের দ্রুত চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাদুর্ভাব ঠেকাতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। শিশুদের সময়মতো প্রতিষেধক টিকা দেওয়ার পাশাপাশি হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ