হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, সাড়ে চার মাসে প্রাণহানি ৭৫৩
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন দুই শিশু। গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে দেশে নতুন করে ৮৯৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১০ হাজার ১৮৭ জন।
মতামত দিন