হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১০৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯২৫ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ সময় নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫ হাজার ৬১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৩২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।
এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ১২২ জন।
মতামত দিন