হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মৃত তিন শিশুর মধ্যে দুজন ঢাকার এবং একজন সিলেটের বাসিন্দা। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে।
এ ছাড়া একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ৫৮ হাজার ৯৬৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে একই সময়ে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে