হামের প্রাদুর্ভাব: রামেকে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, একই দিনে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা শেষে ২৪ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালের দেওয়া তথ্য অনুসারে গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) চার শিশুর, বুধবার (৮ এপ্রিল) তিন শিশুর, মঙ্গলবার (৭ এপ্রিল) এক শিশুর, সোমবার (৬ এপ্রিল) দুই শিশুর, রোববার (৫ এপ্রিল) দুই শিশুর, শনিবার (৪ এপ্রিল) তিন শিশুর এবং শুক্রবার (৩ এপ্রিল) এক শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়া—এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। দেরি করলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।
তারা আরও বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে