Views Bangladesh Logo

সিলেটে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।

শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত ৫ শিশুর মধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ৩ জন এবং হবিগঞ্জের ১ জন রয়েছে। মারা যাওয়া শিশুরা হলো — হবিগঞ্জের নবীগঞ্জের আব্দুল মালিকের ৫ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতকের ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাইয়ের মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুসলিমা, সুনামগঞ্জ সদরের ৪ বছর ২ মাস বয়সী শামিমা এবং সিলেট সদরের বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমেদ।

এদের মধ্যে রাইসা ও আলী আফসান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং শামিমা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির চিত্রেও পরিস্থিতির উন্নতির কোনো আভাস মিলছে না। শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে আরও ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন ভর্তি হয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি আছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ