হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৮৩
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩টি শিশু।
বুধবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫৮ শিশু। একই সময়ে পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ৮৫৪ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১২৪ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৫৯ শিশু। এ সময়ে নতুন করে ৮৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮১৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫। এর মধ্যে ১৬ হাজার ৬৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
মতামত দিন