ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে।
অপসারিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে ওয়াসার এমডি হিসেবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগ প্রক্রিয়াকে নিয়েও আগেই প্রশ্ন উঠেছিল।
জানা গেছে, ওয়াসারের তিনটি বড় প্রকল্পে আবদুস সালাম ব্যাপারীর অংশগ্রহণ ছিল। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পূর্বে বিভাগীয় মামলা করা হয়েছিল। এই অবস্থায় ওয়াসারের মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব দেওয়ার বিষয়ে সমালোচনা হয়।
অপরদিকে, তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর তিনি বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধভাবে বিদেশে পাঠিয়েছেন। নিজের, স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদ কেনার অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০১৮ সালে তিনি নিজ ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি ক্রয় করেন। স্থানীয় ভূমি নিবন্ধন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কেনা ওই বাড়ির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমেও টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার খবর প্রকাশিত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে