বিসিআইসির নতুন চেয়ারম্যান মো. বাবুল মিঞা
সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটির চেয়ারম্যান পদে যোগ দেন।
মো. বাবুল মিঞা ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করেন।
কেন্দ্রীয় প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাবুল মিঞা। জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।
বিসিআইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে বিসিআইসির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়।
সরকারের শিল্প ও উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি বিসিআইসি। সংস্থাটির অধীনে দেশের বিভিন্ন সার, কাগজ, সিমেন্ট, রাসায়নিক ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। নতুন চেয়ারম্যান হিসেবে মো. বাবুল মিঞা এখন প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
মতামত দিন