প্রথমার্ধ শেষে এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
বিশ্বকাপের ‘আই’ গ্রুপে ইরাকের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই প্রথমার্ধ শেষ করেছে ফ্রান্স। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দারুণ এক গোলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের ১৪ মিনিটে জাদুকরী এক গোল করেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। কোণ ঘেঁষে ঢুকে যাওয়া সেই শটে ইরাকি গোলরক্ষকের কিছুই করার ছিল না। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল, আর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৫-তে।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিল কিংবদন্তি রোনালদোকে স্পর্শ করেছেন এমবাপ্পে। তার সামনে এখন আছেন শুধু মিরোস্লাভ ক্লোসা (১৬) ও লিওনেল মেসি (১৮)।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। নরওয়ের কাছে বড় ব্যবধানে হেরে আসা ইরাক রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল। কয়েকবার পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও ফরাসি রক্ষণভাগে খুব একটা পরীক্ষা নিতে পারেনি তারা।
এদিকে ম্যাচ চলাকালে স্টেডিয়াম এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে গেলেও খেলা স্বাভাবিকভাবেই চলছে। তবে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখার নিয়ম রয়েছে।
মতামত দিন