এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে নিজেদের ভুলে একটি গোল হজম করলেও বিরতির পর স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে অপর গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
বুধবার (২৬ আগস্ট) রাতে লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ছোট ছোট পাসে আক্রমণ সাজিয়ে শুরু থেকেই সুযোগ তৈরির চেষ্টা করে রিয়াল সোসিয়েদাদ। ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন স্প্যানিশ তারকা মিকেল ওইয়ারসাবাল। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে রক্ষা পায় রিয়াল।
এর ১০ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। এমবাপ্পের বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস। ৩৫তম মিনিটে সোসিয়েদাদের সার্জিও গোমেজের দুর্দান্ত ভলি দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ফের বেঁচে যায় মাদ্রিদ।
অবশেষে ৪০তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন এমবাপ্পে। ফেদে ভালভার্দের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। চার মিনিট পর রিয়ালের রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে সোসিয়েদাদ। ডি-বক্সে ওচিয়েংয়ের দুর্বল শট রিয়ালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে ফাঁকায় বল পেয়ে যান ক্রোয়াট মিডফিল্ডার লুকা সুচিচ। কোণাকুণি শটে কোর্তোয়াকে পরাস্ত করে ১-১ করেন তিনি।
সমতায় বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
এর আট মিনিট পর ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। এই গোলের নেপথ্যে ছিলেন বেলিংহ্যাম। প্রতিপক্ষ নিজেদের অর্ধে বল হারালে সেটি নিয়ে ডি-বক্সে ঢুকে শট নেন ইংলিশ মিডফিল্ডার। প্রথম প্রচেষ্টা প্রতিহত হলেও হাল ছাড়েননি তিনি। পুনরায় বল দখলে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে দারুণ পাস দেন বেলিংহ্যাম। সেখান থেকে সহজেই বল জালে জড়ান ভিনিসিয়ুস।
ম্যাচের ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। এবার গোলটির কারিগর ভিনিসিয়ুস। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে বল বাড়িয়ে দেন তিনি। আর ডি-বক্সের সামান্য বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।
নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নামা ব্রাহিম দিয়াজ বল জালে জড়ালেও ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া ও রিয়াল বেটিস।
মতামত দিন