এমবাপ্পেকে নিয়েই ফ্রান্স, বিশ্রামে হলান্ড-ওডেগার্ড
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। বোস্টনের গিলেট স্টেডিয়ামে আজকের এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। শেষ ম্যাচের আগে ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে গোলের ব্যবধানে (+৫) শীর্ষে, আর নরওয়েও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে (+৪)। আগের ম্যাচে ফ্রান্স সেনেগালকে ৩-১ ও ইরাককে ৩-০ গোলে হারিয়েছে, আর নরওয়ে ইরাককে ৪-১ ও সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। ফ্রান্স জিতলে বা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর নরওয়েকে শীর্ষে উঠতে হলে জিততেই হবে।
শেষ শেষ বত্রিশের টিকিট আগেই নিশ্চিত হলেও কোচ দিদিয়ের দেশম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী একাদশই ঘোষণা করেছেন। চারটি পরিবর্তন আনলেও আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পেকেই সামনে রেখেছেন তিনি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে প্রথম দুই ম্যাচেই চার গোল করেছেন। তার পাশে আক্রমণে রয়েছেন উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ে।
ফ্রান্সের পূর্ণ একাদশ: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন একাদশে দিয়েছেন বড় চমক। আগের দুই ম্যাচে চার গোল করা তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। কেবল হলান্ডই নন, অধিনায়ক মার্টিন ওডেগার্ডকেও একাদশের বাইরে রাখা হয়েছে। শেষ ষোলোর কথা মাথায় রেখে একাদশে মোট ১০টি পরিবর্তন এনেছেন সোলবাক্কেন।
নরওয়ের পূর্ণ একাদশ: এগিল সেলভিক, লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার’ প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
মতামত দিন