তেল, চিপস ও চানাচুরে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা হবে ২%
হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেলসহ কয়েকটি খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিডের (টিএফএ) সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নতুন মানদণ্ড অনুযায়ী ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছাসেমাই, ডেকোরেটেড কেক, চিপস ও চানাচুরসহ নির্দিষ্ট খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ ২ শতাংশের বেশি রাখা যাবে না।
সোমবার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশে টিএফএমুক্ত ভোজ্যতেল ও পিএইচও উৎপাদন উৎসাহিতকরণ’ শীর্ষক এক অংশীজন সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে সভাটির আয়োজন করে।
বিএসটিআই জানিয়েছে, নির্ধারিত এই মাত্রার ভিত্তিতে বাংলাদেশ মান (বিডিএস) প্রণয়ন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি হলো।
ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা টিএফএকে হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। বিএসটিআই বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও খাদ্য সরবরাহ ব্যবস্থা থেকে ট্রান্স ফ্যাট নির্মূলকে অকালমৃত্যু প্রতিরোধের একটি কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে বিবেচনা করে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন। এছাড়া বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, মেঘনা গ্রুপসহ দেশের বিভিন্ন ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
মতামত দিন