Views Bangladesh Logo

মতিয়া চৌধুরী আর নেই

ওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আর নেই।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতালের মহাব্যবস্থাপক আরিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় সকালে মতিয়া চৌধুরীকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগেই মারা যান তিনি।

মতিয়া চৌধুরী শেরপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সদস্য হিসেবে বামপন্থি রাজনীতিতে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরে আওয়ামী লীগে যোগ দেন।

মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ছয়বারের সংসদ সদস্য ছিলেন। একাদশ ও দ্বাদশ সংসদে ক্ষমতাসীন দলের সংসদ উপনেতা এবং ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী ছিলেন তিনি। গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদীয় আসনটি হারান মতিয়া চৌধুরী।

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা পুলিশ কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালে তিনি সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইডেন কলেজে অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ