৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
মানব পাচার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকালে তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, একসময় যাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী।
ডিবি সূত্র জানায়, মানব পাচারের একটি নির্দিষ্ট মামলায় সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত এবং তার সহযোগীদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হওয়ায় রিমান্ড আবেদন করা হয়।
এর আগে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পরে দল পরিবর্তন করেন।
সাবেক এই সেনা কর্মকর্তা ২০০৭-০৮ সময়কালে আলোচনায় আসেন এবং পরবর্তীতে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে