Views Bangladesh Logo

তিন গোলের তীরে বিদ্ধ সুইডেন, শেষ ষোলোয় ফ্রান্স

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোল, মাইকেল অলিসের দুই অ্যাসিস্ট এবং ব্র্যাডলি বারকোলার নিখুঁত ফিনিশিং- এই ত্রয়ীর নৈপুণ্যে সুইডেনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।


বাংলাদেশ সময় বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে দিদিয়ের দেশমের দল।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি করে গোল করার নজির গড়েছে ফ্রান্স। ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিন গোল করার পর চলতি বিশ্বকাপে সেনেগাল (৩-১), ইরাক (৩-০), নরওয়ে (৪-১) এবং সুইডেনের (৩-০) বিপক্ষেও তিন বা তার বেশি গোল করেছে লা ব্লুজরা। এমন কীর্তি এর আগে কোনো দল গড়তে পারেনি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের দখলে। ১৬তম মিনিটে প্রথম বড় সুযোগ পান কিলিয়ান এমবাপ্পে। চার মিনিট পর মাইকেল অলিসের পাস থেকে বল জালেও জড়ান তিনি, কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোল বাতিল হয়।

৩১তম মিনিটে জুল কুন্দের ক্রস থেকে এমবাপ্পের শট পোস্টে লাগে। এরপর ৩৫তম মিনিটে মাইকেল অলিসের দৃষ্টিনন্দন ওভারহেড কিকও পোস্টে প্রতিহত হয়। ফিরতি বলে উসমান দেম্বেলের প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

একের পর এক সুযোগ নষ্টের পর অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় ফ্রান্স। ছোট কর্নার থেকে দেম্বেলের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন এমবাপ্পে। তার এই গোলেই ১-০ ব্যবধানে বিরতিতে যায় ফরাসিরা।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে ফ্রান্স। ৫৩তম মিনিটে অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে বল পান মাইকেল অলিসে। তিনি ড্রিবল করে বক্সের ভেতরে থাকা ব্র্যাডলি বারকোলার কাছে বল বাড়িয়ে দেন। সহজ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন বারকোলা।

তিন গোলের লক্ষ্যে আক্রমণ অব্যাহত রাখে ফরাসিরা। ম্যাচের ৭৪তম মিনিটে আবারও জ্বলে ওঠেন এমবাপ্পে। দ্রুতগতির আক্রমণে অলিসের সঙ্গে ওয়ান-টু পাস খেলে গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। অলিসে ম্যাচে দুটি গোলেই অ্যাসিস্ট করে ফরাসি আক্রমণের অন্যতম নায়ক হয়ে ওঠেন।

সুইডেন অবশ্য কয়েকটি আক্রমণ সাজানোর চেষ্টা করেছিল। প্রথমার্ধে অ্যান্থনি এলাঙ্গার কাটব্যাক থেকে এলিয়ট স্ট্রাউড সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৮৯তম মিনিটে ভিক্টর লিন্ডেলফের দারুণ পাস থেকে ভিক্টর গিয়োকেরেস গোলের সুযোগ পেলেও ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়াঁ অসাধারণ সেভ করে ক্লিন শিট নিশ্চিত করেন।

অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ফ্রান্স পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখে। ম্যাচের পরিসংখ্যানে দেখা যায়- বল দখলে রেখেছে ফ্রান্স ৬৪%, সুইডেন ৩৬%। ফ্রান্স মোট শট নিয়েছে ২১ টি আর সুইডেন ৮ টি। গোল পোষ্টের লক্ষ্যে শট নিয়েছে ফ্রান্স ৯ টি, সুইডেন ২টি। ফ্রান্সের কর্ণার ৭টি আর সুইডেনের ৩টি। পাস সফলতার হার ফ্রান্স ৯০%, অন্যদিকে সুইডেনের ৮২%। ফ্রান্স ফাউল করেছে মোট ১০ টি এবং সুইডেন ১৩ টি। ফ্রান্সের হলুদ কার্ড  পেয়ছেন ১ জন আর সুইডেনের ২জন। তবে এই ম্যাচে কোনো দলই লাল কার্ড পায়নি।

জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেছেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপে ক্যারিয়ারের ১৭তম গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। তার সামনে এখন রয়েছেন কেবল লিওনেল মেসি। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে এটি এমবাপ্পের নবম গোল, যা এই পর্যায়ের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ও লিওনিদাস আটটি করে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন। অন্যদিকে দুটি অ্যাসিস্ট করে চলতি আসরে পাঁচ অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় উঠে এসেছেন মাইকেল অলিসে।


ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুইডেন। আর দাপুটে এই জয়ের পর এখন শেষ ষোলোর পরবর্তী লড়াইয়ে মনোযোগ দিচ্ছে দিদিয়ের দেশমের দল। বাংলাদেশ সময় আগামী শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে লা ব্লুজরা। অন্যদিকে, বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটিয়ে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। সেই ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামবে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে।

তবে বর্তমান ফর্ম বিবেচনায় ফরাসিদের থামানো যে মোটেও সহজ হবে না, তা বলছেন ফুটবল বিশ্লেষকরা। এমবাপ্পে, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বারকোলাদের দুরন্ত আক্রমণভাগ এখন প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক হয়ে উঠেছে। তাই চমক দেখিয়ে আসা প্যারাগুয়েকে ফিলাডেলফিয়ায় নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে, যদি তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সকে থামাতে চায়।

শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্সের বর্তমান ফর্ম, আক্রমণভাগের ধার এবং দারুণ ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে লা ব্লুজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ