Views Bangladesh Logo

মেসির দীর্ঘদিনের রেকর্ড নিজের করে নিলেন মাস্তানতুয়োনো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলতে এসে শুভ সূচনা করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে নতুন কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই তরুণ।

মাস্তানতুয়োনো এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো একটিতে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন। মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে।

মেসি বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই সময় তাঁর বয়স ছিল মাস্তানতুয়োনোর বর্তমান বয়সের চেয়ে ২৩১ দিন বেশি। ফলে মেসির দীর্ঘদিনের রেকর্ডটি এবার নিজের করে নিলেন ফিওরেন্তিনার এই তরুণ ফরোয়ার্ড।

ভেনেজিয়ার বিপক্ষে অবশ্য শুরুটা ভালো হয়নি ফিওরেন্তিনার। ম্যাচের ২২তম মিনিটে অ্যাকার অ্যাডামসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। গোলটির আগে অ্যাসিস্ট করেন আমেরিকান মিডফিল্ডার জিয়ানলুকা বুসিও।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফিওরেন্তিনা। প্রথমার্ধের আধঘণ্টার মধ্যেই মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে দেন মাস্তানতুয়োনো। এর আগেই এক ম্যাচে একাধিক গোল করা ফিওরেন্তিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাস্তানতুয়োনো। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ৪-২ গোলের জয় নিশ্চিত করে ফিওরেন্তিনা।

এই জয়ে নতুন মৌসুমে প্রথম পয়েন্ট পেল ফিওরেন্তিনা। তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ