ভোলায় দুই কারখানা থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ
ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাধা দেওয়ার চেষ্টা হলে নৌবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ দল বিসিক শিল্পনগর এলাকার খান ফ্লাওয়ার আটার মিল ও তৃষ্ণা বেকারির কারখানায় অভিযান চালায়। অভিযানে খান ফ্লাওয়ার মিল থেকে ৩ হাজার ৯৭৪ লিটার এবং তৃষ্ণা বেকারি থেকে ২ হাজার লিটারসহ মোট ৫ হাজার ৯৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ছাড়া খান ফ্লাওয়ার মিলে যে কক্ষে তেল মজুত রাখা হয়েছিল, সেটি সিলগালা করা হয়েছে।
লাইসেন্স ছাড়া তেল মজুতের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৫৬(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে খান ফ্লাওয়ার মিলকে ১ লাখ টাকা এবং তৃষ্ণা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে খান ফ্লাওয়ার মিলের মালিক মো. জামাল উদ্দিন খানকে এক মাসের এবং তৃষ্ণা বেকারির মালিক মো. জুয়েলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা তেল স্থানীয় পাম্পে সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জরিমানা ও তেল জব্দকে কেন্দ্র করে খান ফ্লাওয়ার মিলের মালিক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হন এবং সড়কে প্রশাসনের গাড়ির সামনে ইট ও বালুর বস্তা ফেলে পথ অবরোধ করেন। পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে