Views Bangladesh Logo

মার্শ চান দাপট ফেরাতে, লিটন ভরসা রাখছেন নিজেদের ক্রিকেটে

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে টি-টোয়েন্টি সংস্করণে নামার আগে স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে থাকবে অস্ট্রেলিয়া। তবে কুড়ি ওভারের ক্রিকেটে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চান তারা — সেই আভাস স্পষ্ট করেছেন অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার চেনা আগ্রাসী রূপ সামলাতে বাংলাদেশের পাল্টা পরিকল্পনা কেমন হবে, তা জানিয়েছেন অধিনায়ক লিটন দাসও।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মার্শ বলেন, ‘দলে কিছুটা বদল এসেছে এবং ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। কোনো সন্দেহ নেই সফরটা কঠিন ছিল, তবে আমরা দারুণ ক্রিকেট খেলে এই সিরিজ জেতার উচ্চাশা নিয়েই মাঠে নামব।’

টি-টোয়েন্টি সংস্করণেও অস্ট্রেলিয়া পাচ্ছে না নিয়মিত ওপেনার ট্রেভিস হেডকে। তবে অধিনায়ক মার্শ ও মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডের অন্তর্ভুক্তি দলটিকে শক্তি যোগাচ্ছে। ডেভিডকে নিয়ে মার্শ বলেন, ‘আমার মতে ও বিশ্বের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। ও দলে ফেরায় নিশ্চিতভাবেই আমাদের শক্তি অনেক বেড়েছে। ও অনেক অভিজ্ঞ এবং নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী।’

প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলার ওপরই জোর দিচ্ছেন লিটন দাস। তিনি বলেন, ‘ছোট ফরম্যাটের খেলায় সব দলই আক্রমণাত্মক থাকে। অস্ট্রেলিয়া বড় নাম, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

কন্ডিশন ও বাংলাদেশের বর্তমান দল নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। ২০২১ সালের মিরপুরের স্পিন ট্র্যাকের চেয়ে এবারের কন্ডিশন যে আলাদা, তা ওয়ানডে সিরিজেই টের পেয়েছে তারা। বিশেষ করে বাংলাদেশের পেস ইউনিটের প্রশংসা করে মার্শ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা দারুণ রোমাঞ্চকর যে তাদের কিছু ভালো পেসার আছে। ওয়ানডেতে আমাদের কঠিন সময় গেছে। তারা এখন খুব গোছানো একটা দল এবং দারুণ ক্রিকেট খেলছে।’

ওয়ানডে সিরিজ জয়ের কারণে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন উঁচুতে। স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটার এক হওয়ায় সেই চনমনে ভাবটা ড্রেসিংরুমে ধরে রাখা সম্ভব বলে মনে করেন লিটন। তবে অতীতের জয় নিয়ে না ভেবে মাঠের সিদ্ধান্ত ও প্রয়োগটাই আসল বলে মানছেন তিনি, ‘যেকোনো দলের বিপক্ষে জিততে হলে ওই নির্দিষ্ট দিনে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।’

বুধবার সাগরিকার মাঠে ওয়ানডের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার মিশন বাংলাদেশের, আর অস্ট্রেলিয়ার লক্ষ্য চেনা দাপট পুনরুদ্ধার করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ