Views Bangladesh Logo

জলকেলিতে সাংগ্রাই উদযাপন মারমাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

 পাহাড়ি নৃগোষ্ঠীর বৃহত্তর বৈসাবির অংশ হিসেবে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উদযাপন করেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়।

সোমবার (১৪ এপ্রিল) প্রাণবন্ত শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নৃত্য-গীত ছাড়াও আনন্দের সঙ্গে জলকেলিতে মাতেন মারমা তরুণ-তরুণীরা। পরষ্পরের দিকে জল ছুঁড়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানান তারা।

জলকেলি উৎসব সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ, যা গত বছরের দুঃখ, কষ্ট এবং পাপ ধুয়ে ফেলার প্রতীক। মারমাদের বিশ্বাস, পবিত্র জল আগামী দিনের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে।

সকালে বৌদ্ধ মন্দিরে পুষ্পস্তবক অর্পণের পর পানখাইয়াপাড়ার বটতলা থেকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মারমা উন্নয়ন পরিষদের এই শোভাযাত্রায় অংশ নেন ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শত শত তরুণ-তরুণী।

দিনভর ঐতিহ্যবাহী গান ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বিপুলসংখ্যক স্থানীয় এবং পর্যটকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ