জ্বালানি বাঁচাতে রোববার থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ থাকবে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও দাম বৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে দেশের সব দোকান ও শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আগামীকাল রোববার (৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার (৭ মার্চ) রাজধানীতে সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "এটি আন্তর্জাতিকভাবে তৈরি হওয়া একটি পরিস্থিতি। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি, যেকোনো কারণেই হোক, আমাদের সাশ্রয়ী হতে হবে। আগামীকাল থেকে আমরা সমস্ত মার্কেটে আলোকসজ্জাগুলো বন্ধ রাখব। পাশাপাশি অপ্রয়োজনীয় বাতিগুলোও বন্ধ রাখা হবে।"
বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াকে চিহ্নিত করছেন। এই পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। প্রণালীটি বন্ধ থাকায় অচিরেই বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, জ্বালানি সাশ্রয়ের এই আহ্বানের পাশাপাশি সরকার ইতোমধ্যে দেশের অভ্যন্তরে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। তবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্পষ্ট করে জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পাশাপাশি, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রোধে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) চালুর কথাও জানিয়েছেন মন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে