Views Bangladesh Logo

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে সারা বছর বাজার তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে শুধু রমজানকেন্দ্রিক উদ্যোগ নয়, বছরজুড়েই সমন্বিতভাবে নজরদারি চালানো হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও সার্বিক বাজার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো বা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রমজানে নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। ফলে ওই সময়ে বাজার ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হলেও সরকারের নজরদারি কেবল রমজান মাসে সীমাবদ্ধ থাকবে না। সারা বছরই পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সাম্প্রতিক বাজার পরিস্থিতি তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় কয়েকটি শিল্প খাতে উৎপাদন ব্যাহত হয়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনেও কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার প্রভাব বাজারে পড়েছে। তবে শীত মৌসুম সামনে থাকায় শিগগিরই নতুন সবজি বাজারে আসবে। এতে সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

ব্যবসায়ী সংগঠনগুলোকেও বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তার ভাষ্য, কোনো পণ্যের দামে দুই-চার টাকার অস্বাভাবিক পরিবর্তন সামগ্রিক হিসাবে খুব বড় না হলেও তা ভোক্তাদের মধ্যে বাজার নিয়ে অনাস্থা তৈরি করতে পারে। তাই দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার সম্পর্কে মানুষের আস্থা ধরে রাখাকেও গুরুত্ব দিতে হবে।

বাজারে স্থিতিশীলতা ও ভোক্তাদের আস্থা নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে পণ্যের মজুত, আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ