বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপের প্রেক্ষাপটে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সংকেত দেখাতে বলা হয়েছে।
বিএমডি জানায়, লঘুচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন উপকূল এলাকায় অবস্থান করছে। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিএমডি আরও জানায়, এই লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় দেওয়া পূর্বাভাসে বিএমডি জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মতামত দিন