এমপি নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পেছনে শ্যালক দায়ী: মরিয়মের বাবা
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে মেয়েকে সম্পর্কে জড়ানোর পেছনে নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মরিয়মের বাবা বলেন, ‘আজকে এই পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুর দায়ী। এই রাস্তায় সেই নিয়ে আসছে।’ টাকার লোভে তাঁর মেয়েকে এ সম্পর্কের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মেয়ের সঙ্গে পরিবারের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মেয়ে কখনও কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি।’
জানা গেছে, ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ গ্রহণের জন্য মর্গের সামনে অপেক্ষা করছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ ও দাদি। সে সময়ই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ সময় মরিয়ম খাতুনের হাতে লেখা বেশ কয়েকটি চিঠিও উদ্ধার করে পুলিশ।
মতামত দিন