Views Bangladesh Logo

বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্ডা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আজ থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৬’। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ডিফেন্ডার আফঈদা খন্দকারকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে মিডফিল্ডার মারিয়া মান্ডার নাম ঘোষণা করেছেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার।

রোববার গোয়ায় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়ার নাম ঘোষণা করা হয়।

হঠাৎ নেতৃত্ব পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, থাইল্যান্ড সফরের আগে আফঈদা খন্দকারই দলের অধিনায়ক ছিলেন। ব্যাংককে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প এবং দুটি প্রস্তুতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন তিনি। তবে সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের পর কোচ বাটলার মারিয়া মান্ডাকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ নারী ফুটবল দলে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন স্ট্রাইকার সাবিনা খাতুন। তার অধীনেই ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে কোচ পিটার বাটলারের সঙ্গে কৌশলগত মতপার্থক্যের কারণে তিনি আর জাতীয় দলে ফেরেননি।

সাবিনার পর তরুণ ডিফেন্ডার আফঈদা খন্দকারের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। পরে মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমারা দলে ফিরলেও বাফুফে ও কোচিং স্টাফ আফঈদার ওপরই আস্থা রেখেছিল। এমনকি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপের মূল পর্বেও দলকে নেতৃত্ব দেন তিনি।

তবে সাফের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার ঠিক আগমুহূর্তে অভিজ্ঞ মারিয়া মান্ডার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলো।

আজ ভারত-মালদ্বীপ এবং নেপাল-ভুটান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ ‘বি’-তে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। এরপর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে মারিয়া মান্ডার দল।

দুই গ্রুপের সেরা চার দল নিয়ে আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। আর ৭ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই আসরের।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ