Views Bangladesh Logo

বিয়ের প্রায় ১০ বছর পর গোপনে পদবি বদলালেন ‘বার্বি’ খ্যাত মার্গো রবি

বিয়ের প্রায় এক দশক পর নিজের নামের সঙ্গে স্বামী টম একারলির পদবি যুক্ত করেছেন হলিউড অভিনেত্রী ও প্রযোজক মার্গো রবি। তবে সিনেমা ও পেশাগত জীবনে তিনি আগের মতোই ‘মার্গো রবি’ নাম ব্যবহার করবেন।

আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংস্থা ‘কোম্পানিজ হাউস’-এর নথিতে মার্গো রবির নাম পরিবর্তনের তথ্য দেখা গেছে। তাঁদের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট’-এর নথিতে আগে তাঁর নাম ছিল ‘মার্গো এলিস রবি’। এখন সেখানে নাম দেওয়া হয়েছে ‘মার্গো এলিস একারলি’।

কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী, এটি ব্যবসায়িক নথিতে তাঁর নামের পরিবর্তন। কেন এই পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে নথিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে তাঁর পেশাগত নাম বদলের কোনো ঘোষণা আসেনি।

মার্গো রবি ও টম একারলি ২০১৩ সালে ‘সুইট ফ্রান্সেজ’ সিনেমার সেটে পরিচিত হন। পরে বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক প্রেমে গড়ায়। ২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বায়রন বে-তে বিয়ে করেন তাঁরা। আগামী ডিসেম্বরে তাঁদের ১০ম বিবাহবার্ষিকী।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগতভাবেও তাঁরা দীর্ঘদিনের অংশীদার। ২০১৪ সালে মার্গো রবি, টম একারলি, জোসি ম্যাকনামারা ও সোফিয়া কের মিলে ‘লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ‘আই, টোনিয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’ ও ‘সল্টবার্ন’-এর মতো সিনেমা প্রযোজনা করেছে।

২০২৪ সালের অক্টোবরে এই দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ