৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার নয়, বরং তা রহিত, স্থগিত বা সংশোধন করা হয়—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে।
সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে লেজিসলেটিভ ফ্রড বা আইনি প্রতারণা করা হয়েছে।
তার দাবি, এই সংশোধনীর কিছু অংশ ইতোমধ্যে হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং বাকি অংশ সংসদ সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে।
তিনি বলেন, বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।
স্বাধীনতার ঘোষণার ইতিহাস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রোভিশনাল হেড অব স্টেট হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস, যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।
এছাড়া রাষ্ট্রীয় কাঠামো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় সংসদের মাধ্যমে।
তিনি আরও জানান, সরকার ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পেয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে