পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠল ৭ মার্চের ভাষণ
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত জেলা কার্যালয়ে হঠাৎ বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে ভাষণটি মাইকে প্রচার করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই পরিত্যক্ত কার্যালয়ের তৃতীয় তলা থেকে একটি ছোট মাইকের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজতে শোনা যায়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত ওই কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইক স্থাপন করে ভাষণটি বাজানো হচ্ছে। তবে মাইকটি কারা, কখন এবং কীভাবে সেখানে স্থাপন করেছে—সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দলটির কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।
তবে পরে দলের কয়েকজন নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এমন একটি ঘটনার কথা পুলিশ শুনেছে। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে