৭ মার্চের ভাষণ জাতীয় গৌরবের অংশ, এটি বাজানো কোনো অপরাধ নয়: ইমি
শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো জাতীয় গৌরবের অংশ এবং এটি কোনো অপরাধ নয়। ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে করা এক প্রতিবাদের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দুই মাস কারাভোগের পর তিনি এ মন্তব্য করেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইমি বলেন, “আমি কোনো অন্যায় করিনি, রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করেছে।” তিনি তার প্রতিবাদকে “অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ” হিসেবে উল্লেখ করে জানান, রাজপথের আন্দোলন থেকে তিনি পিছু হটবেন না।
ঘটনার সূত্রপাত ৭ মার্চ রাতে, যখন শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর সময় ইমিকে আটক করা হয়। এর আগে ওই দিন বিকেলে শহীদুল্লাহ হলের সামনে থেকে আসিফ আহমেদ নামে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার প্রতিবাদে তিনি কর্মসূচির আয়োজন করেছিলেন।
ইমির ভাষ্য অনুযায়ী, ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ নয় এবং এটি জাতীয় গৌরবের অংশ হওয়ায় ভাষণটির অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রয়োজন বলে তিনি মনে করেছিলেন। পরদিন ৮ মার্চ পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে তাকে ও আরও দুজনকে গ্রেপ্তার করে। দুই মাস কারাভোগের পর গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান এবং ৭ মে মুক্তি লাভ করেন।
তিনি অভিযোগ করেন, শাহবাগের কর্মসূচিতে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক নেতারা ও ‘জাতীয় ছাত্রশক্তি’র কর্মীরা তাদের ওপর হামলা চালায়, রিকশা থেকে ব্যাটারি ছিনিয়ে নেয় এবং এলাকায় ভাঙচুর করে।
পুলিশের ভূমিকার সমালোচনা করে ইমি বলেন, যারা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারাই উল্টো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে