Views Bangladesh Logo

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের বল নিলামে বিক্রি ৩৩ লাখ ৫০ হাজার ডলারে

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচে ব্যবহৃত বল এবার উঠল নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ বলটি ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্স এই ঐতিহাসিক বলটি নিলামে তোলে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ব্যবহৃত বলটিই নিলামে বিক্রি করা হয়েছে।

মেক্সিকো বিশ্বকাপের ওই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারায়। ম্যাচটির দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম আরও গভীরভাবে লিখে দেন ম্যারাডোনা। প্রথম গোলটিই পরিচিতি পায় ‘হ্যান্ড অব গড’ নামে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে হাতের সহায়তা নিয়েছিলেন ম্যারাডোনা। তবে ম্যাচের কর্মকর্তারা তা দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়।

এর কিছুক্ষণ পরই আসে ম্যারাডোনার আরেকটি অবিশ্বাস্য গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একে একে পাঁচ ইংলিশ খেলোয়াড়কে পাশ কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। গোলটি পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়। ফলে একই ম্যাচের দুটি গোলই ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে।

হেরিটেজ অকশন্স জানিয়েছে, ম্যাচের সময় তোলা ছবি ও অন্যান্য প্রমাণের সঙ্গে তুলনা করে বিশেষজ্ঞরা নিলামে ওঠা বলটির পরিচয় নিশ্চিত করেছেন। নিলামের আগে বলটির সম্ভাব্য মূল্য ১ কোটি ডলারের বেশি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। শেষ পর্যন্ত ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হওয়ায় প্রত্যাশিত দামের তুলনায় তা উল্লেখযোগ্যভাবে কম।

বলটি দীর্ঘ ৩৬ বছর নিজের সংগ্রহে রেখেছিলেন ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের। ২০২২ সালে লন্ডনের একটি নিলামে তিনি বলটি প্রায় ২০ লাখ পাউন্ডে বিক্রি করেন। একই বছর ম্যারাডোনার ওই ম্যাচে পরা জার্সিও সোথবির নিলামে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

তবে এত বিপুল দামে বিক্রি হলেও ক্রীড়া স্মারকের নিলামে নতুন রেকর্ড গড়তে পারেনি বলটি। ২০২৪ সালে জাপানি বেসবল তারকা শোহেই ওতানির ৫০তম হোম রান করা বল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর সব ধরনের ক্রীড়া স্মারকের মধ্যে সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড এখনো বেবে রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের জার্সির দখলে। ২০২৪ সালে হেরিটেজ অকশন্সে কিংবদন্তি এই বেসবলারের জার্সিটি ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ