Views Bangladesh Logo

কুষ্টিয়ায় পীর হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইল মাকাম

 VB  Desk

ভিবি ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবারে হামলা, ভাঙচুর ও পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সুফি সমাজকেন্দ্রিক গবেষণাপ্রতিষ্ঠান ‘মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ’। 

একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।

গত শনিবার বেলা আড়াইটার দিকে দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল লোক দরবারে হামলা চালায়। হামলাকারীরা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পীর শামীম রেজা জাহাঙ্গীরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

বিবৃতিতে বলা হয়, দেশে ধারাবাহিকভাবে মাজার ও দরবারে হামলার ঘটনা ঘটছে। তাদের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ৩ জন নিহত এবং ৪৬৮ জন আহত হয়েছেন।

সংগঠনটি দাবি করে, এসব ঘটনায় মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর অগ্রগতি হয়নি, যা উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হলেও মাজার ও সুফি স্থাপনাগুলোর নিরাপত্তা বিষয়ে কোনো দলই তাদের ইশতেহারে স্পষ্ট অঙ্গীকার করেনি। এটিকে হতাশাজনক বলে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির দাবি, কার্যকর পদক্ষেপের অভাব ও প্রশাসনিক গাফিলতির কারণেই এমন নৃশংস ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ