দৌলতদিয়ায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস উল্টে নদীতে, নিখোঁজ ৪৫
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪৫ জন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সৌহার্দ্য পরিবহনের ছিল এবং এতে প্রায় ৫০ থেকে ৫৬ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ারা কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে গভীরতা বেশ। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস উদ্ধার করতে পারেনি।
জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
ঘটনার পরপরই কয়েকজন যাত্রী সাঁতরে বা কোনোভাবে তীরে উঠতে সক্ষম হন, তবে ভেতরে থাকা অনেক যাত্রী এখনো নিখোঁজ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে