ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, একজনের কবজি বিচ্ছিন্ন; আহত অন্তত ২০
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহতদের একজনের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়। এ সময় পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগও উঠেছে।
আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত বাসুর (২১) বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আহতদের মধ্যে আরও রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩) ও ইয়াকুব আলী (৩১)।
এদিকে সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামে যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। তাদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোর করে মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। একপর্যায়ে শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সংঘর্ষে দেশি অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্রও প্রদর্শন করা হয়।
আহত কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুরে পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাদের ওপর হামলা করা হয়।
তাদের দাবি, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কোপানো হয়। হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তারা। তাদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তার দাবি, অস্ত্রসজ্জিত অর্ধশতাধিক ব্যক্তি পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুই পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।
জামশেদুর রহমান ফটিক বলেন, তার অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে কোনো উসকানি ছাড়াই জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, ওই বাড়িতে হামলার কোনো কারণ ছিল না।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, তার বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।
মতামত দিন