যশোরে সাবেক ইউপি সদস্যের ছেলের মরদেহ উদ্ধার
যশোরের মণিরামপুরে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) উপজেলার খানপুর ইউনিয়নে সেতুর পাশে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুরুল ইসলামের ছেলে।
নিহতের শ্বশুর খানপুর ইউপির সদস্য মফিজুর রহমান জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এরপরে বারবার চেষ্টা করেও জাহাঙ্গীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।
তিনি আরও জানান, স্থানীয়রা খানপুর ইউনিয়ন পরিষদের সাতনাল ঘোড়া সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে