ছবি ও কণ্ঠস্বরের অনুমতিহীন বাণিজ্যিক ব্যবহার বন্ধে আদালতে মনোজ বাজপেয়ী
নিজের নাম, ছবি ও কণ্ঠস্বরের অনুমতিহীন বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তার কণ্ঠস্বর নকল এবং বিভিন্ন এআই চ্যাটবটে তার ব্যক্তিত্ব বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগও করেছেন তিনি।
৫৭ বছর বয়সী এই অভিনেতা ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন করেছেন। ভারতীয় আইনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতে দেওয়া আবেদনে মনোজ বাজপেয়ী অভিযোগ করেছেন, তার অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। এর মধ্যে একটি ফ্যাশন ব্র্যান্ড তার ছবি এমনভাবে ব্যবহার করেছে, যাতে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে তিনি ওই প্রতিষ্ঠানের তৈরি স্যুট বা পোশাকের প্রচার করছেন।
এ ছাড়া কয়েকজন বিবাদী এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর নকল করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন এআই চ্যাটবটে তার ব্যক্তিত্বের নানা দিকও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেতা।
এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে পরিচিত ব্যক্তিদের চেহারা, কণ্ঠস্বর ও পরিচয় অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনা নিয়ে আইনি জটিলতাও বাড়ছে। ভারতে এর আগে অমিতাভ বচ্চন, তাবু, আল্লু অর্জুন, মোহনলাল, কাজল, আর মাধবন, জুনিয়র এনটিআর, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান এবং ক্রিকেটার সুনীল গাভাস্কার ও যুবরাজ সিংয়ের মতো তারকারা নিজেদের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টের সুরক্ষা পেয়েছেন।
‘দ্য ফ্যামিলি ম্যান’সহ বিভিন্ন কাজের জন্য পরিচিত মনোজ বাজপেয়ী এবার একই ধরনের আইনি সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হলেন।
মতামত দিন