ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার দুপুর আড়াইটার মধ্যে তাকে লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন।
এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুন্সীকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’
তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী সাংবাদিকদের বলেন, বক্তব্যটি তিনি নিজ এলাকায় নিকটাত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে দিয়েছিলেন। ভিডিওর শেষাংশ কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে তাকে জড়িয়ে ‘নোংরা রাজনীতি’ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এর আগে মঙ্গলবার রাতে দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী বক্তব্যের অভিযোগে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বারের গুনাইঘর ইউনিয়নের ধলাপুকুর পাড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে