Views Bangladesh Logo

মণিপুরী ‘লাই-হরাউবা’ উৎসবে মাতোয়ারা মৌলভীবাজারের কমলগঞ্জ

মৌলভীবাজারের কমলগঞ্জে চলছে মণিপুরীদের প্রাচীনতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘লাই-হরাউবা’ (দেবতাদের আনন্দ)। সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদেরকে উৎসাহিত করতে তিনদিনের এ উৎসব শুরু হয়েছে বুধবার (২৩ এপ্রিল), চলবে শুক্রবার (২৫ এপ্রিল) পর্যন্ত।

উপজেলার আদমপুর ইউনিয়নের তেঁতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণের এ উৎসবে ধর্মীয় প্রথা অনুসারে প্রতিদিন মাইবীর ঐশ্বরিক বাণীসহ লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

মণিপুরী সমাজে প্রচলিত প্রাচীন লোক নৃত্যানুষ্ঠান ‘লাই হরাউবা জাগোই’ থেকেই এসেছে এই ‘লাই-হরাউবা’ উৎসব। লাই শব্দের অর্থ ইশ্বর, হরাউবা অর্থ আনন্দ এবং জাগোই অর্থ নৃত্য। অর্থাৎ নাচে-গানে ঈশ্বরকে আনন্দ দেয়া হচ্ছে উৎসবটিতে। প্রদর্শিত নৃত্যগুলো মণিপুরী নৃত্যশৈলীর সুপ্রাচীন নৃত্যধারা।

ইউনেস্কো বাংলাদেশের অর্থায়নে ‘লাই-হরাউবা’ স্টিয়ারিং কমিটির এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পোরৈ অপোকপা মরুপ ধর্মীয় সাংস্কৃতিক সংস্থা, কনসোর্টিয়াম অব ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব বাংলাদেশ (সিআইবি) এবং সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অব সাউথ এশিয়ান কালচার (সাধনা)।

উৎসবে অংশ নিচ্ছেন ভারতের মণিপুরের পুরোহিত, নৃত্যশিল্পী, শিল্প পরিচালক ও গবেষকরা। সংস্কৃতিকর্মী লুবনা মারিয়াম ছাড়াও আছেন জাতীয় জাদুঘরের প্রতিনিধি, ইউনেস্কোর প্রতিনিধিসহ দেশের জ্ঞানী-গুণিরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ