Views Bangladesh Logo

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে ম্যানইউ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গ্রীষ্মের দলবদলে মাঝমাঠে বড় পরিবর্তন এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কার্লোস বালেবা, ইউরি টাইলেমান্স ও আন্দ্রে সান্তোসকে দলে এনে মাঝমাঠের শক্তি বাড়িয়েছে ইংলিশ ক্লাবটি। এবার নজর আক্রমণভাগে। বেনজামিন শেশকোর ধীরগতির শুরু এবং জশুয়া জির্কজির অনিশ্চিত ভবিষ্যৎ নতুন ফরোয়ার্ড খোঁজার পথে ঠেলে দিতে পারে ইউনাইটেডকে। সেই তালিকার শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের দাবি, জানুয়ারির দলবদলে এন্দ্রিককে দলে ভেড়াতে ৬০ থেকে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণভাগে কাঙ্ক্ষিত মানের একজন খেলোয়াড় পেতে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকেই সম্ভাব্য সমাধান হিসেবে দেখছে তারা।

এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে অবশ্য গুঞ্জন নতুন নয়। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে শুরু থেকেই ছিল বড় প্রত্যাশা। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে এখন পর্যন্ত সবকিছু তার পরিকল্পনামতো এগোয়নি। গত মৌসুমে নিয়মিত খেলার সুযোগ করে দিতে তাকে ধারে লিঁওতে পাঠিয়েছিল রিয়াল মাদ্রিদ।

চলতি গ্রীষ্মেও এন্দ্রিককে নিয়ে আগ্রহ দেখিয়েছিল কয়েকটি ক্লাব। তার সঙ্গে আর্সেনাল ও লিভারপুলের নাম জড়িয়েছিল। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, এ গ্রীষ্মে এন্দ্রিককে ছেড়ে দেওয়ার কথা ভাবেনি রিয়াল। এমনকি লিভারপুলও প্রায় তিন সপ্তাহ আগে তার সম্ভাব্য দলবদল কিংবা ধারে যাওয়ার শর্ত জানতে চেয়েছিল। কিন্তু রিয়ালের অবস্থান ছিল স্পষ্ট—তারা এন্দ্রিককে ছাড়তে চায় না।

রিয়ালের পরিকল্পনায় এন্দ্রিককে আরও সময় দেওয়ার কথাই ছিল। তবে নতুন মৌসুমে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে পরিস্থিতি বদলে যেতে পারে। বিশেষ করে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়লে জানুয়ারির দলবদলে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য আগ্রহের সঙ্গে জশুয়া জির্কজির ভবিষ্যৎও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, দলবদলের শেষ দিনে এভারটনের নজরে ছিলেন এই ডাচ ফরোয়ার্ড। ইউনাইটেড তাকে ছেড়ে দিতে পারলে আক্রমণভাগে নতুন খেলোয়াড় আনার জন্য জায়গা ও আর্থিক সামর্থ্য—দুটিই কিছুটা বাড়তে পারে।

তবে এন্দ্রিককে নিয়ে সবকিছুই শেষ পর্যন্ত নির্ভর করছে রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তের ওপর। এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তারা ভবিষ্যৎ পরিকল্পনার বাইরে রাখেনি। কিন্তু জানুয়ারির দলবদলের আগে এন্দ্রিক নিজের পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা কতটা ধরে রাখতে পারেন, সেটিই এখন বড় প্রশ্ন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ