Views Bangladesh Logo

টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিকো গঞ্জালেসের দুর্দান্ত এক গোলে রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মতো ম্যানচেস্টার সিটি এফএ কাপের ফাইনালে উঠেছে। শনিবার সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে পেপ গার্দিওলার দল এই কীর্তি গড়ে। ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় তারা।

খেলার ৭৯ মিনিটে ফিন আজাজের চমৎকার গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ২০০৩ সালের পর প্রথমবার ফাইনালের স্বপ্ন দেখছিল দলটি। তবে শেষ মুহূর্তের ঝড়ে সেই স্বপ্ন ভেঙে যায়। এর আগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়ে চমক দেখালেও সিটির বিপক্ষে তা ধরে রাখতে পারেনি তারা।

ম্যাচের শেষ দিকে জেরেমি ডোকুর শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। এর তিন মিনিট পর দূরপাল্লার জোরালো শটে জয় নিশ্চিত করেন গঞ্জালেস। এই জয়ে সিটির সামনে এখন ঘরোয়া তিন শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে।

আগামী ১৬ মে ফাইনালে লিডস ইউনাইটেড অথবা চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

সাউদাম্পটনের ২০ ম্যাচের অপরাজিত যাত্রাও শেষ হলো এই হারে। শীর্ষ লিগে ফেরার লড়াইয়ে থাকা দলটি আর্সেনালকে হারিয়ে আত্মবিশ্বাসী থাকলেও সিটির রক্ষণ ভাঙতে পারেনি।

এই ম্যাচে শুরুর একাদশে আটটি পরিবর্তন আনেন গার্দিওলা। আর্লিং হালান্ড ও বের্নার্দো সিলভাদের বিশ্রামে রেখে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে প্রথমার্ধে কিছুটা ধুঁকতে হয় দলকে। তবে দ্বিতীয়ার্ধে হালান্ড, ডোকু ও সাভিনিওরা মাঠে নামলে খেলার চিত্র বদলে যায়।

সাউদাম্পটনের গোলরক্ষক দানিয়েল পেরেজ বেশ কিছু বল ঠেকালেও গঞ্জালেসের জয়সূচক শটটি রুখতে পারেননি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ