৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন, ম্যানেজার আটক
গাইবান্ধার সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রেস্টুরেন্ট ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর পাড়ে অবস্থিত ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ নামের রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি আমির হোসেন (৫০)। তিনি সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং রেস্টুরেন্টের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, দুপুরে শিশুটিকে কৌশলে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যান আমির হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রেস্টুরেন্টটি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে ভেতরে আটকে রাখে।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পর উত্তেজিত জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করা হবে।
পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।
মতামত দিন