মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সালিশ বৈঠকে ‘মধ্যযুগীয় কায়দায়’ নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগ এনে সালিশ বৈঠকে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ‘মধ্যযুগীয় কায়দায়’ নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কথিত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নারুই বাজারে একটি সালিশ বৈঠকের আয়োজন করে স্থানীয় ‘মাদক নির্মূল কমিটি’। সেখানে হবি মিয়াকে হাজির করে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তোলা হয় এবং প্রকাশ্যে নির্যাতন করা হয়। এ সময় তার মা ও স্ত্রীও উপস্থিত ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে হবি মিয়াকে জনসম্মুখে দাঁড় করিয়ে রাখা হয়। পরে তার চোখ গামছা দিয়ে বেঁধে এবং হাত দড়ি দিয়ে বাঁধা হয়। এরপর তাকে মাটিতে বসিয়ে হাত-পায়ের ফাঁকে পাইপ ঢুকিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে মাটিতে শুইয়ে কয়েকজন ধরে রাখেন এবং আরেক ব্যক্তি লাঠি দিয়ে তার পায়ে আঘাত করতে থাকেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি এ নির্যাতনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। নির্যাতনের পর ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
নবীনগর থানার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নূর নবী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত ব্যক্তিরা এরই মধ্যে সরে পড়েন। নির্যাতনের শিকার হবি মিয়া ও তার পরিবারের সদস্যদেরও বাড়িতে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, হবি মিয়ার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগ থাকলেও কোনো ব্যক্তিকে সালিশের নামে এভাবে নির্যাতন করার সুযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে