চট্টগ্রামে নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
চট্টগ্রামে শ্বাসরোধে এক নারীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেজাম উদ্দিন (৩০) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হালিমকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ডও দেয়া হয়েছে। খালাস পেয়েছেন তৃতীয় আসামি আবু সিদ্দিক রুবেল (২৯)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) চাঞ্চল্যকর রেবেকা সুলতানা মনি হত্যা মামলার এ রায় দেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালত।
আসামিরা নগরীর বায়েজিদ বোস্তামি থানার মুরাদনগর মির্দ্দাপাড়ায় জামালের মালিকানাধীন ভবনের চতুর্থতলার অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে নিহত রেবেকা সুলতানা মনিকে (৩০) দিয়ে আসামি আব্দুল হালিম পতিতাবৃত্তির ব্যবসা করতেন বলে হত্যা মামলাটিতে অভিযোগ করা হয়। ২০১৯ সালের ১৩ মে মনির গলিত মরদেহ ওই অ্যাপার্টমেন্টের মেঝে থেকে উদ্ধার করে পুলিশ।
পরে তদন্তে জানা যায়, পাওনা টাকা প্রায় দেড় লাখ টাকা চাওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হালিমের নির্দেশে ১১ মে মনিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেজাম উদ্দিন। আর ঘটনার বিষয়ে জেনেও আবু সিদ্দিক রুবেল কাউকে কিছু না বলায় ২০০০ সালে তার বিরুদ্ধেও অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত।
আদালতের বেঞ্চ ক্লার্ক ওমর ফুয়াদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা নেজাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আদালতে হাজির করা নেজামকে রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। আর আব্দুল হালিম পলাতক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে