Views Bangladesh Logo

বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ফরিদপুরের বোয়ালমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ডা. গোলাম কবিরের (৭২) বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মোল্লা (৫৭) গ্রামের ইছাহাক মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম ইছাহাক মাস্টারের ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গোলাম কবির সবার বড় এবং নিহত মিন্টু মোল্লা পঞ্চম। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল এবং এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।

ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাম কবির তাকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গোলাম কবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্রটি জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ