Views Bangladesh Logo

মসজিদে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের ভেতরে এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে আলী হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন জানান, সাক্ষ্যপ্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত বলে রায় দিয়েছে। তিনি মনে করেন, শিশুর বিরুদ্ধে যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধে এই কঠোর রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে।

মামলার বিবরণ অনুযায়ী, নগরকান্দা উপজেলার ছাগলদী দক্ষিণপাড়ার বাসিন্দা মনির হোসেন তার ছেলেকে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করান এবং ধর্মীয় শিক্ষার জন্য হাফেজ ও মাওলানা আলী হোসেনের কাছে পাঠাতেন। ২০২৫ সালের ৬ মার্চ সকালে শিশুটি অভিযুক্তের দোকানে গেলে তাকে কৌশলে পাশের একটি মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিপীড়নের চেষ্টা চালানো হয়।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়। শিশুটির বাবার করা মামলায় তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ