Views Bangladesh Logo

ভোলায় রাজহাঁস চুরির অভিযোগে যুবক আটক, ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে মুক্তি

ভোলার লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ও তওবা করিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার রাতে দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় নাজিম নামে এক যুবককে হাতেনাতে আটক করেন এলাকাবাসী।

তাদের দাবি, আটক হওয়ার পর নাজিম নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর চুরি করবেন না বলে সবার কাছে ক্ষমা চান। পরে তাকে মারধর বা পুলিশের কাছে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে বলা হয়। নামাজ শেষে তওবা করিয়ে স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, হাঁস দুটি তাদের পরিবারের খুব শখের ছিল। স্থানীয়দের তৎপরতায় চুরি যাওয়া হাঁস উদ্ধার হয়েছে এবং অভিযুক্তকে শারীরিকভাবে নির্যাতন না করে ধর্মীয়ভাবে অনুতপ্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে অপরাধ দমনে পুলিশের টহল জোরদার রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ