Views Bangladesh Logo

চট্টগ্রামে জমির ধান খাওয়ায় মেরে ফেলা হলো বাবুই পাখির ৩০ ছানা

জমির ধান খাওয়ায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২৫ থেকে ৩০টি ছোট ছোট বাবুই পাখির ছানা মেরে ফেলা এবং ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত বাচা মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, ‘দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি অভিযুক্ত ব্যক্তির ফসলি জমির ধান খেয়েছে পাখি। এ অভিযোগে বাবুই পাখির ২২টি বাসা ভেঙে ফেলে। পাখির বাসাগুলোর মধ্যে আমরা ছোট ছোট ২৫ থেকে ৩০টি পাখির ছানা দেখতে পাই। এ ঘটনায় দায়ী বাচা মিয়া নিজের অপরাধ স্বীকার করেছে। বন্য প্রাণী সংরক্ষণ আইন ১২ এর ৩৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ