Views Bangladesh Logo

৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণালংকার কেনার চেষ্টা, গ্রেপ্তার ১

রাজধানীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে প্রায় ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার সময় মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। তবে তার সঙ্গে থাকা আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে দোকানে গিয়ে আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ দেখান। পণ্য নির্বাচন শেষে বিল পরিশোধের সময় তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন। নোটগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে যাচাই করে সেগুলো কথিত জাল নোট হিসেবে শনাক্ত করা হয়।

বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন একজনকে আটক করলে অন্যজন পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ